সরাইলে অপহরণ মামলার বাদী ও স্বজনদের হয়রানির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বায়েজিদ মোস্তাকিম (১৩) নামের এক মাদ্রাসাছাত্র অপহরণ মামলার বাদী ও তাঁর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অপহরণের শিকার ছাত্রের মা রুজিনা বেগম গতকাল সোমবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন।
পুলিশ ও ওই ছাত্রের পারিবার সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী রাকিব মিয়ার ছেলে বায়েজিদকে একটি চক্র অপহরণ করে। ওই দিন রাত নয়টার দিকে অপরণকারীরা মুঠোফোনে বিষয়টি তার পরিবারকে অবহিত করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন রাতে বায়েজিদের মা রুজিনা বেগম বাদী হয়ে সরাইল থানায় অপহরণ মামলা করেন। এরপর অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা দেওয়া হয়।
৩১ জানুয়ারি রাতে পুলিশ সৈদয়টুলা গ্রামের আবদুল হোসেন ওরফে হৃদয় (২০), সদর উপজেলার সুহিলপুর গ্রামের পলক মিয়া ওরফে বাবু (২০) একই গ্রামের মশিউর রহমান ওরফে শুভকে (২০) ব্রাহ্মণবাড়িয়া শহর ও আখাউড়া পৌর শহর থেকে গ্রেপ্তার এবং বায়েজিদকে উদ্ধার করে।
১৯ ফেব্রুয়ারি হৃদয়ের নানা সৈয়দটুলা গ্রামের আজিজুর রহমান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমেরআদালতে বায়েজিদের মা, বাবা, দাদাসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় হৃদয়ের মাকে মারধর, বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ আনা হয়। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বায়েজিদের বাবা রাকিব মিয়া বলেন, ‘আমার ছেলে অপহরণের মাত্র ২৫ দিন আগে আমি বিদেশে (সৌদি আরব) গেছি। ছেলে অপহরণ হইছে শুইন্যা ছুইটা আসি। অহন আমি নিরাপত্তাহীনতায় আছি। বিদেশে আমার চকরি আছে কি না, জানি না।’
রুজিনা বেগম বলেন, ‘আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। মামলা না তুললে আমাদের হত্যার করা হবে বলে হুমকি দিচ্ছে। আমরা অসহায় নিরীহ মানুষ, নিরাপত্তাহীনতায় আছি।’
অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এআই) আবদুল আলীম বলেন, বাদী ও তাঁর স্বজনদের নানাভাবে হুমকি দেওয়ার সত্যতা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, অপহরণ মামলার বাদী ও স্বজনদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।