সরাইলে অপহরণের চেষ্টার সময় জনতার হাতে যুবলীগের নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের চেষ্টাকালে যুবলীগের এক নেতাকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন।
গত মঙ্গলবার রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে সরাইলের কদমতুলী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম এমরান খান (৩৩)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি। তাঁর বাড়ি উপজেলা সদরের বড্ডাপাড়া গ্রামে।
অপহরণ-চেষ্টার শিকার ব্যক্তির নাম ইলাল মিয়া (৩৫)। গতকাল বুধবার দুপুরে তিনি এমরানসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রাম্য রাস্তার জায়গা নিয়ে গত ৩ জুলাই উপজেলার মোঘলটুলা গ্রামের ইলালের লোকজনের সঙ্গে পাশের হালুয়াপাড়া গ্রামের আবদুল আলীমের পক্ষের সংঘর্ষ হয়। এতে আলীমের বড় ছেলে শাহ আলম (৩২) আহত হন। পরদিন ইলাল মিয়াসহ ১২ জনের বিরুদ্ধে আবদুল আলীম থানায় মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন।
ইলালের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ইলাল মিয়া কদমতুলীতে তাঁর ভগ্নিপতির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরতে গাড়ির জন্য সড়কে অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি তাঁর সামনে এসে থামে। গাড়িটি থেকে এমরানসহ চার যুবক নেমে ইলালকে অপহরণের চেষ্টা করে। এ সময় ইলালের সঙ্গে অপহরণকারীদের ধস্তাধস্তি হয়। এ ঘটনা দেখে আশপাশের লোকজন ধাওয়া করে গাড়িটিসহ এমরানকে আটক করেন। পরে জনতা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
তবে এ সময় আবদুল আলীমের ছোট ছেলে নূর আলমসহ (২৯) তিন যুবক পালিয়ে যায়। পুলিশ ওই গাড়ি থেকে বড় একটি ছোরা ও লাঠিসোঁটা জব্দ করেছে। গতকাল দুপুরে ইলাল মিয়া অপহরণ-চেষ্টার অভিযোগে নূর আলমকে প্রধান আসামি করে এমরানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
থানাহাজতে আটক থাকাকালে এমরান খান বলেন, ‘আমি ওই গাড়িতে থাকলেও ঘটনার শিকার হয়েছি। গাড়িতে থাকা লোকজন আমার পরিচিত। তবে তাদের কোনো অপরাধমূলক ঘটনা ঘটানোর পরিকল্পনার বিষয়টি আমার জানা ছিল না।’
এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, অপহরণের সঙ্গে এমরান খানের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।
ওসি জানান, এমরান খানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।