সরাইলে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে দেওবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
আহত ব্যক্তিরা হলেন চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম মিয়া (৪২), তাঁর বড় ভাই আইয়ুব আলী (৪৫) ও প্রতিবেশী মহিউদ্দিন (৪২)। তাঁদের মধ্যে সেলিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতেই আইয়ুব আলী বাদী হয়ে সরাইল থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ ওই রাতেই ওই মামলার আসামি দেওবাড়িয়া গ্রামের আবু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে।
মামলা ও গ্রামবাসী সূত্র জানায়, দেওবাড়িয়া গ্রামের মোশারফ মিয়া (২০) দুই বছর ধরে এলাকায় মাদক ব্যবসা করছেন। সেলিম মিয়া মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিলেন। বুধবার রাত সাড়ে সাতটার দিকে সেলিম মিয়া তাঁর মুদির দোকানে ছিলেন। এ সময় ব্যবসায় বাধা দেওয়ার ঘটনার জেরে মোশারফসহ ৮-১০ জন সেলিম মিয়ার দোকানে ঢুকে তাঁকে দা দিয়ে কোপাতে থাকেন এবং লোহার রড দিয়ে আঘাত করেন।
একপর্যায়ে সেলিম মিয়ার বড় ভাই আইয়ুব ও প্রতিবেশী মহিউদ্দিন তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সেলিম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল রাতে মোশারফের মুঠোফোনে ফোন দিলে তিনি মাদক ব্যবসা করার অভিযোগ অস্বীকার করে বলেন, বুধবার সকালে সেলিম মিয়ারা তাঁর এক ভাইকে মারধর করেছে। এই কারণে তাঁরা সেলিমকে মারধর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এ কে এম মুসতাকিম বিল্লাহ বলেন, সেলিম মিয়ার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা ভালো নয়।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আটজনের নামে থানায় মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।