সরাইলে উপবৃত্তির টাকা কম দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপবৃত্তির টাকা কম দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল বিক্ষোভ করে l ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপবৃত্তির টাকা কম দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল বিক্ষোভ করে l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে কয়েক শ অভিভাবক বিক্ষোভ করেন এবং শিক্ষা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।
গত বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কালীকচ্ছ-নোয়াগাঁও ক্লাস্টারের পাঁচটি বিদ্যালয়ের উপবৃত্তির টাকা বিতরণ করতে নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান জনতা ব্যাংকের সরাইল উপজেলা শাখার কর্মকর্তা বিমল কুমার চন্দ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও মোস্তফা কামাল। অন্য চারটি হলো নোয়াগাঁও পূর্ব, নোয়াগাঁও চওড়াগুদা, নোয়াগাঁও কাজিউড়া ও নোয়াগাঁও মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ পাঁচটি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৭ হাজার ২৫০ টাকা বিতরণের কথা। কর্তৃপক্ষ বেলা ১১টায় উপবৃত্তির টাকা বিতরণ শুরু করে।
কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, গত ১২ মাসে ৩০০ থেকে ১২ শ টাকা পাওয়ার কথা থাকলেও শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শিক্ষকেরা ১০০ থেকে ৫০০ টাকা করে দিচ্ছিলেন। এতে মুহূর্তের মধ্যে গ্রামের কয়েক শ নারী-পুরুষ বিদ্যালয়ে উপস্থিত হয়ে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের।
বিক্ষুব্ধ অভিভাবকেরা বেলা দুইটার দিকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের, দুই সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক শেখ ইয়াকুব ও ব্যাংক কর্মকর্তাকে অবরোধ করে রাখেন। সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১৯ জুন সব টাকা বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীরা শান্ত হন।
নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি করিম খান বলেন, ‘অসৎ উদ্দেশ্যে তাঁরা (কর্মকর্তারা) উপবৃত্তির টাকা বিতরণ করেন অতি গোপনে। আমাদের কোনো সময়ই জানান না। তাঁদের কারণে সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে যাচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।