সরাইলে এক গ্রামে তিনজনের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার দেবর-ভাবি আত্মহত্যা করেছেন। একই দিন একই গ্রামে সোহান মিয়া (১৪) নামের এক শিশুও আত্মহত্যা করেছে। 
এলাকার অনেকে বলছেন দেবর-ভাবির আত্মহত্যার পর আত্মহত্যার ঘটনা অনুকরণের চেষ্টা করতে গিয়েই সোহান মারা গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে উচালিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিন মুন্সির (৩৫) স্ত্রী আকলিমা বেগমের সঙ্গে হেলালের মায়ের বাগ্বিতণ্ডা হয়। এ সময় হেলালের ছোট ভাই রাজিব উদ্দিন মুন্সিও (১৮) মায়ের পক্ষ নিয়ে আকলিমাকে বকাঝকা করেন। এ ঘটনায় রাজিবকে হেলাল গালাগাল করেন ও কয়েকটি থাপ্পড় মারেন।
এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে রাজিব বসতঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাজিবকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হেলাল স্বাস্থ্য কমপ্লেক্সেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। রাত আটটার দিকে রাজিব ও হেলালের কথা শুনে আকলিমা বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাজিব স্থানীয় ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার রাতেই পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। এ ছাড়া হেলালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
অন্যদিকে সোহানের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার পর সোহান তার ঘরে ঘুমাতে যায়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বসতঘরের দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে কাপড় প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনেরা। সোহান ওই গ্রামের প্রবাসী হোসেন আলীর ছেলে। হেলালের বাড়ি থেকে সোহানের বাড়ির দূরত্ব প্রায় ২০০ মিটার।
প্রতিবেশী শরীফ মিয়া (হোসেন আলীর মামাতো ভাই) জানান, সোহানের আচার-আচরণ ছিল ভাঁড়সুলভ। বৃহস্পতিবার রাতে দেবর-ভাবির লাশ দেখতে সে কয়েকবার হেলালের বাড়িতে গিয়েছিল। সরাইল থানার ওসি মো. আলী আরশাদ জানান, জেলা সদর হাসপাতাল মর্গে দেবর-ভাবির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোহানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।