সরাইলে কলেজছাত্রী অপহরণের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার চাকশার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে আটক করেছে।
আটক দুজন হলেন সরাইল উপজেলার চাকশার গ্রামের জুয়েল মিয়া (২০) ও রিপন মিয়া (২২)। এ ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল বুধবার সকালে চাকশার গ্রামের হাজারি মিয়ার ছেলে সারোয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ, মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, সারোয়ার হোসেন (২৫) দুই বছর ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। এ ব্যাপারে ছাত্রীর পরিবার সারোয়ারের বাবা হাজারি মিয়ার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। এক সপ্তাহ আগে সারোয়ার ওই ছাত্রীর গ্রামে গেলে সেখানকার বাসিন্দারা তাঁকে নাজেহাল করেন। এতে ক্ষিপ্ত হয়ে সারোয়ার তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন।
গত মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী তার এক সহপাঠীকে সঙ্গে নিয়ে কলেজ থেকে হেঁটে বাড়িতে ফিরছিল। দুপুর ১২টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের উপজেলার চাকশার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে করে সারোয়ারসহ ছয়-সাতজন লোক এসে তাদের পথ রোধ করেন। পরে তাঁরা ওই ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। সে সময় ছাত্রীটির সহপাঠী বাধা দিলে তাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেন সারোয়ার।
ঘটনার পর থেকে সারোয়ার ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সারোয়ারের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
সারোয়ারের চাচা আলমগীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকেবলেন, ‘আমি চেষ্টা করেছিলাম মেয়েটিকে উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিতে। কিন্তু ওদের কোনো খোঁজ পাইনি।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের থানার হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।