সরাইলে কৃষককে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মো. আলম মিয়া (৪০) নামের এক কৃষককে প্রতিপক্ষের লোকজন বল্লম দিয়ে আঘাত করে হত্যা করেছে। গরুর ধান খাওয়ার ঘটনা নিয়ে গতকাল বুধবার বালেঙ্গা বিল এলাকায় এ ঘটনা ঘটে।
আলম মিয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মনসুব আলীর ছেলে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বালেঙ্গা বিল এলাকায় কৃষক আলম মিয়ার বোরো ধানের খেত রয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু লাল মিয়ার ছেলে জহির উদ্দিনের একটি গরু ওই খেতের পাকা ধান খাচ্ছিল। এতে বাধা দেন আলম মিয়া। এ নিয়ে আলম মিয়া ও জহির উদ্দিনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
বেলা দুইটার দিকে জহির উদ্দিন তাঁর বড় ভাই ফখরউদ্দিনসহ ১০-১২ জন লোক নিয়ে আলম মিয়ার ওপর হামলা চালান। তাঁদের বল্লমের আঘাতে আলম মিয়া ঘটনাস্থলেই মারা যান।