সরাইলে গাঁজাভর্তি অ্যাম্বুলেন্স আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে পুলিশ গতকাল রোববার ৬৪ কেজি গাঁজাসহ একটি অ্যাম্বুলেন্স আটক করেছে। তবে পুলিশ কাউকে ধরতে পারেনি।
পুলিশ জানায়, গতকাল সকাল থেকে বিশ্বরোড মোড় হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে টহল দিচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দেয়। এ সময় চালক অ্যাম্বুলেন্সটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এতে হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মোতালিব সামান্য আহত হন। পরে পুলিশ অ্যাম্বুলেন্সটিকে ধাওয়া করে।
প্রায় চার কিলোমিটার যাওয়ার পর অ্যাম্বুলেন্সটি মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের ও পেছনের কাচ ভেঙে যায়। তখন অ্যাম্বুলেন্স থামিয়ে চালকসহ দুজন পালিয়ে যান। পরে পুলিশ অ্যাম্বুলেন্সের ভেতরে তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, হাইওয়ে থানার এএসআই আবদুল মোতালিব বাদী হয়ে গতকাল বেলা আড়াইটায় সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে।