সরাইলে গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কয়েকজন তরুণ এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক তরুণ তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

গতকাল মঙ্গলবার উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত দুজন হলেন নোয়াগাঁও গ্রামের জহিরুল হকের স্ত্রী নাদীরা বেগম (৪০) ও একই গ্রামের আরমান মিয়া (২৮)।

পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে নোয়াগাঁও গ্রামের খলিল মিয়াসহ (২৫) কয়েকজন জহিরুল হকের বসতঘরের পাশে বসে গাঁজা সেবন করছিল। এ সময় প্রথমে নাদীরা বেগম ও পরে তাঁর স্বামী জহিরুল হক বাধা দেন। এ নিয়ে জহিরুল হক ও খলিলের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এর জের ধরে কিছুক্ষণ পর খলিল মিয়া ও তাঁর দুই ছোট ভাই মিজান মিয়া (২২) ও রমজান মিয়া (২০) দা ও লাঠিসোঁটা নিয়ে নাদীরা বেগমের ওপর হামলা চালায়। এ সময় নাদীরা বেগমকে রক্ষা করতে আরমান মিয়া এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করেন তাঁরা। পরে নাদীরাকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।