সরাইলে চারজনকে গণপিটুনি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় গত রোববার রাত নয়টার দিকে চার যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
গণপিটুনিতে আহত ব্যক্তিরা হচ্ছেন সরাইল উপজেলার সদর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের ইসমাইল মিয়া (২২), মোগলটুলা গ্রামের খোরশেদ মিয়া (২২), নিজ সরাইল গ্রামের নিজাম মিয়া (২৫) ও পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের হাবিবুর রহমান (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রোববার রাত আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাই করার সময় স্থানীয় জনতা ওই চার যুবককে ধাওয়া করে। ওই চারজন অপর একটি অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় জনতা একটি মাইক্রোবাসে করে তাদের ধাওয়া করে শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় আটক করে গণধোলাই দেয়। আহত চার যুবককে পুলিশ রাত ১০টার দিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল সোমবার দুপুরে পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।