সরাইলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে গত রোববার সাংসদের সামনে পুলিশের সদস্যকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সরাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন।
ওই আসামির নাম ছানাউল্লাহ গিয়াস উদ্দিন (৩২)। তাঁর বাড়ি উচালিয়াপাড়া গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি ছিলেন। গতকাল তিনি মুঠোফোনে বলেন, ‘আমি ওই পুলিশ সদস্যকে মারধর করিনি, তাঁর সাথে কথা-কাটাকাটি ও ঠেলাঠেলি হয়েছে।’
থানা-পুলিশ, এজাহার ও দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছানাউল্লাহ গিয়াস উদ্দিন জাতীয় পার্টির স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধার কাছে একটি সংগঠনের নামে টিআর-কাবিখার গম চাইতে যান। কিন্তু তা না দেওয়ায় সাংসদের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। গত রোববার সন্ধ্যায় স্থানীয় সাংসদ দলীয় কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে মলাইশ গ্রামে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় সাংসদের নিরাপত্তায় ছিলেন এএসআই আমজাদ ও কনস্টেবল রবিউল আওয়াল। সন্ধ্যা পৌনে সাতটার দিকে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে পৌঁছালে ছানাউল্লাহ গিয়াস উদ্দিন সাংসদের গাড়ির গতিরোধ করেন। এ সময় প্রথমে কনস্টেবল রবিউল ইসলাম ও পরে এএসআই তাঁকে রাস্তা থেকে সরে যেতে বলেন। একপর্যায়ে রবিউল আওয়ালকে তিনি মারধর করতে থাকেন। এ সময় এএসআই তাঁকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান।