সরাইলে ডাকাতের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পুলিশসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ সময় একজন কনস্টেবল বল্লমবিদ্ধ ও একজন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।
গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত পুলিশ কনস্টেবল হলেন সাইফুর রহমান (২৫)। গুলিবিদ্ধ ডাকাত আবদুল্লাহ মিয়া (২২)। সাইফুরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবদুল্লাহকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আলীমের ভাষ্য অনুযায়ী, তাঁর নেতৃত্বে মাইক্রোবাসে পুলিশের একটি দল রাতে ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিচ্ছিল। তিনটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি এলাকায় ১৫-১৬ জনের ডাকাত দল সড়কে গাছের গুঁড়ি ফেলে মাইক্রোবাসটিকে আটকানোর চেষ্টা করে। গাড়িতে পুলিশ দেখে তারা বল্লম ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় ‘বন্দুকযুদ্ধ’। ঘটনাস্থল থেকে চারটি বল্লম, তিনটি রামদা ও দুটি শাবল উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধে আবদুল্লাহ ডান পায়ে গুলিবিদ্ধ হন। আর কনস্টেবল সাইফুর বল্লমের আঘাতে গুরুতর আহত হন। আবদুল্লাহ শাহবাজপুর ইউনিয়নের মুন্সিহাটি গ্রামের রহমত আলীর ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ‘আবদুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবারের ঘটনায় সরাইল থানায় আরও দুটি মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এ ঘটনার আগে গত ১৪ ফেব্রুয়ারি ও গত ১৫ ডিসেম্বর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ধরন্তী ও বড্ডাপাড়া এলাকায় ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দুই ‘ডাকাত’ নিহত হয়েছিলেন।