সরাইলে তুচ্ছ ঘটনার জেরে কৃষককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মো. আলম মিয়া (৪০) নামের এক কৃষককে দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর মৌজার বালেঙ্গা বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মনসুব আলীর ছেলে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর মৌজার বালেঙ্গা বিল এলাকায় কৃষক আলম মিয়ার বোরো ধানের খেত রয়েছে। আজ দুপুর ১২টার দিকে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের জহির উদ্দিনের গরু ওই ধানখেতের কিছু পাকা ধান খেয়ে ফেলে। এ সময় আলম বাধা দেন। এ নিয়ে আলম ও জহিরের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আশপাশের লোকজন গিয়ে তাঁদের নিবৃত্ত করেন। পরে বেলা দুইটার দিকে জহির তাঁর বড় ভাই ফখর উদ্দিনসহ ১০ থেকে ১২ জন লাঠিসোঁটা ও বল্লম নিয়ে আলমের ওপর হামলা চালান। এতে বল্লমের আঘাতে আলম ঘটনাস্থলে নিহত হন। এ সময় আলমকে রক্ষা করতে ইসলামপুর গ্রামের কৃষক আবু ধন মিয়া ও ফরিদ মিয়া এগিয়ে গেলে জহির ও তাঁর লোকজন তাঁদেরও পিটিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল হয়েছে। তাঁর বুক ও পেটে বল্লমের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ পুলিশের জিম্মায় রয়েছে। জহির উদ্দিন ও তাঁর লোকজন পলাতক।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, কাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।