দুই গ্রামের সংঘর্ষে মহাসড়কে দেড় ঘণ্টা যান বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামবাসী ও সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে ফসলের মাঠে নামিয়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে দুই গ্রামের সংঘর্ষ থামে বেলা একটার দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি পেটা করে এবং রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর হয়েছে। অগ্নিসংযোগের কয়েকটি ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
যাত্রীবাহী লোকাল বাসের ভাড়া আদায় নিয়ে গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়। ওই দিনও দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
আজকের ঘটনায় খাঁটিহাতা গ্রামের পক্ষে পাশের আরও পাঁচ-ছয়টি গ্রাম যোগ দেওয়ায় সংঘর্ষ বড় আকার ধারণ করে।
সরাইলে বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ওসি হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, যান চলাচল স্বাভাবিক করতে জেলা পুলিশের কাছে অতিরিক্ত পুলিশ চাওয়া হয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।