সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকশার ও মূলবর্গ গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাকশার গ্রামের ইউপি সদস্য আবু সাইদ মিয়ার (৪৫) গোষ্ঠীর একদল শিশু-কিশোর গ্রামের পাশের একটি ইটভাটার (রূপালী ব্রিকস) জমিতে ফুটবল খেলতে যায়। এতে পাশের মূলবর্গ গ্রামের একদল শিশু-কিশোর বাধা দিলে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে বিকেল চারটার দিকে দুই গ্রামের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাড়ে পাঁচটার দিকে চাকশার গ্রামের পক্ষ নিয়ে গলানিয়া গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, সংঘর্ষ চলাকালে দুপক্ষের দুটি করে চারটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া দুই ঘণ্টার সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুপক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।