সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রিকেট বল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরিফাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে উত্তর আরিফাইল গ্রামের নূর মিয়ার ছেলে আবদুর রউফ (১৮) একটি ক্রিকেট বল নিয়ে কয়েকজন কিশোররের সঙ্গে বাড়ির পাশে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একই গ্রামের তাহের মিয়ার ছেলে হানিফ মিয়া (১৮) বলটি জোর করে নেওয়ার চেষ্টা করেন। রউফ তাতে বাধা দিলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হানিফসহ চার থেকে পাঁচজন রউফকে মারধর করেন।
গতকাল দুপুরে রউফ পার্শ্ববর্তী নাথপাড়া গ্রামে তাঁর চাচার বাড়িতে যান। ফেরার পথে হানিফ ও তাঁর লোকজন রউফকে ধাওয়া করে মারধর করেন। এর জের ধরে গতকাল বিকেলে উভয় পক্ষের লোকজন দা, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের মধ্যে রউফ ও তাঁর মা আয়েশা বেগমকে (৪৫) জেলা সদর হাসপাতালে ও পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, এ ঘটনায় কাজল মিয়া (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।