সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। গতকাল রোববার উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন ও নোয়াগাঁও ইউনিয়নের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, এক মাস আগে উপজেলার কালীকচ্ছ বাজারে আধিপত্য বিস্তার নিয়ে কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের ইউসুফ মিয়ার (২২) সঙ্গে নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জালাল উদ্দিনের (২৭) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে গতকাল বেলা একটার দিকে সূর্যকান্দি ও নোয়াগাঁও গ্রামের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বেলা দুইটার দিকে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই ইউনিয়নের লোকজনের মধ্যে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই ইউনিয়নের মাঝামাঝি সদ্য রোপা আমন খেতে তাদের এ সংঘর্ষ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এ সময় অন্তত ১০টি বসতবাড়ি, চারটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে জেলা পুলিশ লাইনস থেকে দুই প্লাটুন পুলিশ ও সরাইল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিদের মধ্যে আবদুল আজিজ (১৫), রুহুল আমিন (২৮), নিজাম উদ্দিন (১৮), সুমন মিয়া (২৫), হুমায়ুন কবীর (২৪), রতন মিয়া (২৫), বিধান সরকার (১৭), নাজমুল হক (১৭) ও মোস্তাক মিয়াকে (২৮) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তকদির হোসেন বলেন, তাঁর ইউনিয়নের লোকজন শান্তিপ্রিয়। তাঁর এলাকায় প্রতিপক্ষরা এসে আধিপত্য বিস্তার করতে চায়। এ কারণে কিছুদিন পরপর এসব ঘটনা ঘটছে।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু উসমানি বলেন, কালীকচ্ছ বাজারের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক নোয়াগাঁও ইউনিয়নের মানুষ। কালীকচ্ছের লোকজন তা মেনে নিতে পারছে না। এ কারণেই ওই বাজারে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।