সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সৈয়দটুলা গ্রামের দেওয়ান উদ্দিন ও মালু মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ দুপুর ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা একটার দিকে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত দেওয়ান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মালু মুন্সি, রুবেল মিয়া, খোকন মিয়া, ফুলু মিয়া, ও বাবুল মিয়াকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।