সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুদল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ও বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ মৃধা ও সামসুর রহমানের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও গ্রামবাসী জানায়, দেড় বছর আগে বুড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ মৃধার পক্ষের লোক আমজাদ আলী মৃধার ছেলে মেজবাহ উদ্দিন মৃধা ও সামসুর রহমানের পক্ষের আবু তাহেরের মেয়ে নারগিছের বিয়ে হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে ওই গ্রামে একাধিকবার সালিসও হয়। এ ঘটনার জের ধরে কয়েক দিন আগে আমজাদ আলীকে সামসুর রহমানের লোকজন মারধর করেন। আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় আহত লোকজনের মধ্যে অলি আহাদের ছোট ভাই সাইদুল হক মৃধা, জাবেদ মৃধা, সালেক মৃধা, শফিকুল মৃধা, আজিজুল মৃধা ও রোব রহমানকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সাইদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ দিকে বেলা সাড়ে তিনটার দিকে সাইদুল মারা গেছেন—এমন খবর গ্রামে ছড়িয়ে পড়লে অলি আহাদের লোকজন প্রতিপক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।