সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে বাচ্চু মিয়া ও দুলাল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শাহজাদাপুর গ্রামের বাচ্চু মিয়া ও দুলাল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। মামলা-মোকদ্দমাও চলছে। সর্বশেষ দুলাল মিয়ার পক্ষের মামুন মিয়া (৩৩) জীবনের নিরাপত্তা চেয়ে ৫ মার্চ জাদু মিয়ার চার ছেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকে জাদু মিয়ার লোকজন জিডি প্রত্যাহারের জন্য মামুনকে চাপ দিতে থাকেন।
গতকাল মামুন মিয়াকে গ্রামে একা পেয়ে মারধর করেন জাদু মিয়ার ছেলেরা। এর জের ধরে বেলা দেড়টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আনব আলী, মামুন মিয়া, লতিফ মিয়া ও সেকুল মিয়ার বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হন। পরে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।