সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সরাইলের বৈকাল বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলা শহরের বৈকাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মহরম আলী (৬০)। একই গ্রামের বাসিন্দা বাবুল মিয়া (৩০) বৈকাল বাজারের একজন ব্যবসায়ী। বাজারের নৈশপ্রহরীর মাসিক বেতনের টাকা আদায় নিয়ে গত মঙ্গলবার বিকেলে মহরম আলীর সঙ্গে বাবুল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মহরম আলী বাবুল মিয়াকে মৃদু ভর্ৎসনা করেন। এর জের ধরে বেলা একটার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে আধা ঘণ্টা পর বাজারের পরিস্থিতি শান্ত করে। এখানে সংঘর্ষ থামাতে গেলে সৈয়দটুলা গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়া (৪৫) গুরুতর আহত হন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের তাড়া খেয়ে উভয় পক্ষের লোকজন বাজার এলাকা ছেড়ে সৈয়দটুলা গ্রামে গিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সরাইল থানার পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে মহরম আলীর ছোট ভাই বাবুল মিয়া (৫৫), তাঁর ছেলে রাসেল মিয়া (২৫), আবদুল্লাহসহ ১৫ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, আবার যাতে সংঘর্ষ না হয়, সে জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।