সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগলে গাছ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার কাটানিশা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেলে কাটানিশা গ্রামের আবদুল আওয়ালের (৪৫) ছাগল একই গ্রামের গেদু মিয়ার (৫৫) বসতবাড়ির কয়েকটি ফলের গাছ খেয়ে ফেলে। গেদু মিয়া ও তাঁর ছেলে মোহাম্মদ আলী (৩০) বিষয়টি জানানোর জন্য আবদুল আওয়ালের কাছে গেলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আবদুল আওয়াল এবং তাঁর লোকজন গেদু মিয়া ও মোহাম্মদ আলীকে পিটিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে গেদু মিয়ার মেয়ে রিপা বেগম (২০) বাবা ও ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনার জের ধরে কাটানিশা গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। গেদু মিয়ার পক্ষ নেন গ্রামের বাসিন্দা নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান (৪০) এবং আওয়াল মিয়ার পক্ষ নেন পরাজিত ইউপি সদস্য প্রার্থী অলি মিয়া (৪৫)। গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে গ্রামের দুই স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে গেদু মিয়া ও আবদুল আওয়ালের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে গুরুতর আহত তপন চৌধুরীকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, গেদু মিয়ার গাছ নষ্ট করেছে আওয়ালের ছাগল। বিষয়টি জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন গেদু মিয়া ও তাঁর দুই সন্তান। এটি মেনে নেওয়া যায় না। এসব অলি মিয়ার ইন্ধনেই ঘটেছে।
অলি মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আওয়াল গ্রামের নিরীহ লোক। তাঁর ওপর হামলা হয়েছে, তাই পক্ষ নিতে হয়েছে। আমি গ্রামে শান্তি চাই।’
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, বর্তমানে কাটানিশা গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।