সরাইলে দুই পক্ষের সংঘর্ষে এসআইসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়িতে ইট তোলা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ ৫০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার ও গতকাল শনিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সংঘর্ষের সময় ২০টি ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম, কনস্টেবল মোজাম্মেল হক (২৭), উপজেলার নোয়াগাঁও গ্রামের ওয়ারিশ মৃধা (৬৫), নূরুল্লাহ মৃধা (৫৫), জয়দর আলী মৈশান (৫০), ধনু মৈশান, জমির হোসেন (২৪), মনির হোসেন (২৬), গাজী মিয়া (২৫), আইনাল মিয়া, আবদুল আলীম ও মোজাম্মেল হক। এদের মধ্যে ওয়ারিশ, নূরুল্লাহ, জয়দর আলী ও ধনু মৈশানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের ফজলুল হক মৃধার পক্ষের আমির হোসেন মৃধা (২৪) ও একই গ্রামের আবু বকর মৈশান মিয়ার পক্ষের আল আমিন মৈশান (২৮) গত বুধবার সকালে উপজেলার কালীকচ্ছ হাওর এলাকার একটি ইটভাটায় ইট কিনতে যান। এ সময় কার আগে কে গাড়িতে ইট তুলবেন তা নিয়ে আমির ও আল আমিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত শুক্রবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ার জন্য মহড়া দিতে থাকেন। কিন্তু সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পুলিশ না থাকায় গতকাল শনিবার সকাল আটটার দিকে উভয় পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাতটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় স্থানীয় লোকজনের ছোড়া ইটের আঘাতে সরাইল থানার এসআই আবদুল আলীম, কনস্টেবল মোজাম্মেল হকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সকাল ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফজলুল হক মৃধা অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজনের উসকানির কারণেই তাঁরা সংঘর্ষে জড়িয়েছেন।
তবে উসকানি দেওয়ার অভিযোগ অস্বীকার করে আবু বকর দাবি করেন, ‘আমার লোকজনকে তাঁরা প্রথমে মারধর করেছেন। এ ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।