সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের দুই গ্রামবাসীর মধ্যে গত শনিবার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০-১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট হয়েছে।
নিহত ব্যক্তির নাম কিরণ মিয়া (৫০)। তিনি ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের মধ্যে একই গ্রামের রনি মিয়া (২৫) ও মোবারক মিয়া (১৪) এবং মালিগাঁও গ্রামের হেলু মৃধাকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়াসহ (৩৭) উভয় গ্রামের ২১ জনকেও সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী মুরসালিন মিয়ার (১৮) কাছে একই গ্রামের মাছ ব্যবসায়ী রামিন মিয়ার (১৮) টাকা পাওনা ছিল। এ নিয়ে শনিবার রাত নয়টার দিকে মালিগাঁও গ্রামের নান্নু মিয়ার (৫০) উপজেলা শহরের প্রাথবাজার এলাকার দোকানের সামনের সড়কে ওই দুজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় রামিন ও মুরসালিনকে বকাঝকা করে নান্নু মিয়া তাঁর দোকান এলাকা ত্যাগ করতে বলেন। একপর্যায়ে নান্নুর ছোট ভাই সানু মিয়া (৪৫) ও তাঁর চাচাতো ভাই কামাল মিয়া (৩৫) নান্নুর পক্ষ নিয়ে রামিন ও মুরসালিনকে মারধর করেন। এ সময় এগিয়ে এলে ব্যাপারীপাড়া গ্রামের কিরণ মিয়াসহ ১০-১২ জন মারধরের শিকার হন। কিছুক্ষণ পর ব্যাপারীপাড়া গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে নান্নু মিয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এর জের ধরে রাত সাড়ে নয়টার দিকে উভয় গ্রামের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন, শাহাদৎ হোসেন, জহির মিয়া, আবদুল মান্নানসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। দুই ঘণ্টা পর সরাইল থানার পুলিশ ও জেলা সদর থেকে আসা অতিরিক্ত পুলিশ কাঁদানে গ্যাসের তিনটি শেল ছুড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে শনিবার রাত দেড়টার দিকে কিরণ মিয়া মারা যান। গতকাল রোববার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।