সরাইলে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাঁদের তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে টিঘর গ্রামের ইব্রাহিম মিয়া নামের এক ব্যক্তির একটি ডোবার কিছু কচুরিপানা বৃষ্টির পানিতে ভেসে যায়। একই গ্রামের মাহতাব মিয়া ভেসে যাওয়া ওই কচুরিপানা সংগ্রহ করে তাঁর বাড়ির পাশে রেখে দেন। এ নিয়ে ইব্রাহিম মিয়া ও মাহতাব মিয়ার মধ্যে ওই দিন দুপুরে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় মাহতাব মিয়ার ছোট ভাই ফরুক মিয়াকে একা পেয়ে ইব্রাহিম মিয়ার লোকজন তাঁকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুই ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল মিয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। পুলিশ ব্যাপক লাঠিপেটা, কাঁদানে গ্যাসের দুটি শেল এবং ১০টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের পর আহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৩০ জন সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এ সময় সরাইল থানার পুলিশ আমজাদ আলী, মঞ্জুর আলী, জামিল মিয়া, ইয়াছিন মিয়া, তারা মিয়া, মনির হোসেন, গোলাপ মিয়া, কবির হোসেন, সায়েদ আলী, আবদুল কুদ্দুস এবং উসমান গণিকে গ্রেপ্তার করে। অন্যরা চিকিৎসা না নিয়েই পালিয়ে যান। দুপুরে পুলিশ ওই ১১ জনকে নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেনের কার্যালয়ে হাজির করে। পরে ইউএনও তাঁদের তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
গতকাল বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সাজাপ্রাপ্ত ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।