সরাইলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারণা নিয়ে সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে শাহজাদাপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মফিল মিয়ার পক্ষের লোকজন গ্রামের বাজার এলাকায় মিছিল বের করেন। একই সময় ওই এলাকায় অপর সদস্য প্রার্থী আজহার আলীর লোকজনও মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে মনু মিয়া, কালু মিয়া, লতিফ মিয়া, সাবিনা বেগম ও তামান্না মিয়াকে জেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজহার আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার সমর্থকদের ওপর মফিলের লোকজন প্রথমে হামলা চালিয়েছে। এতে সংঘর্ষ বেধেছে।’
মফিল মিয়া বলেন, ‘আমার লোকজন গ্রামের বাজার এলাকায় প্রথম মিছিল বের করে। এ সময় আজহারের লোকজন মিছিলে হামলা চালায়। এতে সংঘর্ষ বাধে।’