সরাইলে নদী সেচে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছ ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পুটিয়া নদীতে বাঁধ দিয়ে যন্ত্রের সাহায্যে পানি সেচা হচ্ছে সপ্তাহ দু–এক ধরে। গত শুক্রবার পুটিয়া সেতুর কাছ থেকে তোলা ছবি।প্রথম আলো
মাছ ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পুটিয়া নদীতে বাঁধ দিয়ে যন্ত্রের সাহায্যে পানি সেচা হচ্ছে সপ্তাহ দু–এক ধরে। গত শুক্রবার পুটিয়া সেতুর কাছ থেকে তোলা ছবি।প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেচযন্ত্রের মাধ্যমে পুটিয়া নদীর পানি সেচে মাছ নিধন করা হচ্ছে। নদীর পাড়ে মাটির বাঁধ দিয়ে পানি অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতে নদীর ওই অংশের পানি প্রায় শুকিয়ে গেলেও প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের কুইট্টা সেতুর দুই পাশে তিতাস নদের শাখা পুটিয়া নদীর পাশে এ বাঁধ দেওয়া হয়েছে। সরেজমিনে গত শুক্রবার দেখা যায়, পুটিয়া সেতুর পূর্ব ও পশ্চিম পাশের প্রায় পৌনে এক কিলোমিটার এলাকায় মাটির বাঁধ দিয়েছেন স্থানীয় দুই ব্যক্তি। ১১ জানুয়ারি থেকে বাঁধের দুদিকে ৭টি সেচযন্ত্র দিয়ে সেচকাজ চলছে। নদীর ওই অংশ প্রায় শুকিয়ে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন বলেন, উন্মুক্ত জলাশয়ে বাঁধ ও সেচ দিয়ে মাছ নিধন করা বেআইনি কাজ। এতে মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হয়।

স্থানীয় মৎস্যজীবীরা বলেন, নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জজ মিয়া ও কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের দুর্গাচরণ দাস মাছ ধরার জন্য নদীর এ এলাকাটি বন্দোবস্ত নিয়েছিলেন। এখন তাঁরা মাছ নিধনের জন্য সেচ দিয়ে পানি কমাচ্ছেন।

পানি সেচায় সেতুর পশ্চিম পাশের অংশ প্রায় শুকিয়ে গেছে l প্রথম আলো
পানি সেচায় সেতুর পশ্চিম পাশের অংশ প্রায় শুকিয়ে গেছে l প্রথম আলো

মৎস্যজীবীরা আরও বলেন, শীতকালে নদীর পানি কমায় বেশির ভাগ মাছ গভীর পানিতে চলে আসে। নদীর এ জায়গাটিও বেশ গভীর। পাড়ে মাটির বাঁধ দিয়ে নদী দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে। সেচের মাধ্যমে পানি গভীর অংশ থেকে নালার মাধ্যমে অগভীর অংশে ফেলা হচ্ছে। এদিকে গভীর অংশের পানি কমে নদী পানিপ্রবাহের ধারা সরু হয়ে গেছে। নদীর পাড়ের কয়েকজন কৃষক বলেন, সেচের কারণে নদীর পানি কমে গেছে। প্রায় প্রতিবছরই এ ঘটনা ঘটছে। ফলে তাঁরা আর কৃষিকাজের জন্য পানি পান না। সেচের পানি না পেয়ে অনেকে কয়েক মাসের জন্য জমির পাশে অগভীর নলকূপ বসান। কিন্তু এর জন্য কয়েক হাজার টাকা খরচ হয়।

উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো আনোয়ার হোসেন বলেন, স্থানীয় দুর্গাচরণ দাস পুটিয়া সেতুর পূর্ব ও পশ্চিম পাশে ২৫ দশমিক ৫৪ একর জায়গা মাছ ধরার জন্য বন্দোবস্ত নিয়েছেন। এখন মাছ নিধনের জন্য তাঁরা বিশাল জায়গাজুড়ে পানি সেচ করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। দুর্গাচরণ দাস মুঠোফোনে বলেন, এখানে মাছ ধরার জন্য প্রায় সাড়ে সাত লাখ টাকা রাজস্ব দিয়েছেন। সরকারি নীতিমালা মেনেই মাছ শিকার হচ্ছে। সেতুর আশপাশের জলাশয়ের মালিক জজ মিয়া।

জজ মিয়াও বলেন, তাঁরা নিয়ম মেনে মাছ ধরছেন।

ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, জলমহাল নীতিমালা অনুযায়ী, উন্মুক্ত জলাশয়ে সেচ দিয়ে মাছ নিধন নিষেধ। এতে জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে। যাঁরা এমন কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।