সরাইলে নৌ ডাকাতের হামলায় নিহত ১
নৌ ডাকাতদের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক যুবক নিহত হয়েছেন। উপজেলার অরুআইল ইউনিয়নের রাজাপুর এলাকায় মেঘনা নদীতে গতকাল শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
সরাইল থানার পুলিশ সূত্র জানায়, ডাকাতের হামলায় নিহত যুবকের নাম চারু মিয়া (২৫)। তিনি উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, হারুন মিয়াসহ পাঁচজন ব্যবসায়ী ইঞ্জিনচালিত নৌকায় পণ্য নিয়ে সুনামগঞ্জ থেকে ফিরছিলেন। গতকাল রাত আটটার দিকে মেঘনা নদীর রাজাপুর এলাকায় এলে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাঁদের নৌকায় হামলা চালায়। তারা নৌকার নিয়ন্ত্রণ নিয়ে মালামাল লুট করা শুরু করে। বাধা দিতে গেলে চারু মিয়াকে ছুরিকাঘাত করে। তাঁকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা নেওয়ার পথে মারা যান।
সরাইল থানার পরিদর্শক মো. কামরুজ্জামান আজ রোববার সকালে এ ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের ধরার চেষ্টাও অব্যাহত রেখেছে পুলিশ।
নিহত চারু মিয়ার লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।