সরাইলে পাঁচ দিন পর ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার অপহৃত মাদ্রাসার ছাত্র বায়েজিদ মোস্তাকিমকে (১৩) পাঁচ দিন পর সরাইল থেকে পুলিশ উদ্ধার করেছে। গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের পাইকপাড়া এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা হলো সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পাঠানপাড়ার পলক মিয়া ওরফে বাবু (২০), একই গ্রামের মশিউর রহমান ওরফে শুভ (২০) ও সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের আবদুল হোসেন ওরফে হৃদয় (২০)। পলক মিয়া ও আবদুল হোসেনকে শনিবার বিকেলে আখাউড়া পৌর শহরের লালবাজার এলাকার বিকাশের (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) একটি দোকান থেকে আর মশিউরকে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। থানা হাজতে আটক তিনজনই অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছে।
এদিকে মাদ্রাসার ছাত্র অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল রোববার সকালে সরাইল থানা চত্বর ও আশপাশে কয়েক শ নারী, পুরুষ ও শিশু শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে।
পুলিশ ও বায়েজিদের পারিবারিক সূত্র জানায়, গত সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী রাকিব মিয়ার ছেলে বায়েজিদকে একটি চক্র অপহরণ করে। রাত নয়টার দিকে অপহরণকারীরা মুঠোফোনে বিষয়টি তার পরিবারকে অবহিত করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত মঙ্গলবার রাতে বায়েজিদের মা রোজিয়া বেগম বাদী হয়ে সরাইল থানায় অপহরণ মামলা দায়ের করেন। শনিবার বিকেল পর্যন্ত অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা দেওয়া হয়। শনিবার বিকেলে ও রাতে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার এবং বায়েজিদকে উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া তিন যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।