সরাইলে পুলিশ পরিচয়ে ডাকাতি, কুলাউড়ায় ডাকাত-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত শনিবার দিবাগত রাতে পুলিশ পরিচয়ে একই সঙ্গে চার বাড়িতে ডাকাতি হয়েছে। একই রাতে অটোরিকশায় বাড়ি ফেরার পথে উপজেলা সদরের সরাইল-নাসিরনগর সড়কের পাঠানপাড়া এলাকায় তিন ব্যবসায়ীও ডাকাতির শিকার হন।
এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের লোকজন গত শনিবার রাতভর ‘ডাকাত-আতঙ্কে’ কাটিয়েছে। স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে লোকজনকে এ ব্যাপারে সতর্ক করা হয়।
গতকাল রোববার সরজমিনে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত তিনটার দিকে একযোগে গ্রামের সেন্টু মিয়া, বাছির মিয়া, চান বাদশা ও বিরাশ মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে। ২০ থেকে ২৫ জনের মুখোশধারী ডাকাত ভাগ ভাগ হয়ে পুলিশ পরিচয়ে বাড়িগুলোতে প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে। ডাকাতের মারধরে সেন্টু মিয়ার মেয়ে সাদিয়া ছালাম (১০) ও বাছির মিয়ার স্ত্রী শাহেনা বেগম (৪৫) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সেন্টু মিয়ার স্ত্রী রুনা আহমেদ (৩২) বলেন, ‘গেটে শব্দ করে পুলিশের পরিচয় দিলে গেট খুলে দিই। ভেতরে ঢুকেই তারা আমার গলায় রামদা ধরে।’
গৃহকর্তা চান বাদশা বলেন, ‘ডাকাতেরা আমাদের মারধর করে মালপত্র নিয়ে চলে যায়।’
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সূত্রে জানা যায়, চার বাড়ি থেকে নগদ অর্থসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতেরা।
এর আগে সরাইল-নাসিরনগর সড়কের উপজেলা সদরের পাঠানপাড়া মোড় এলাকায় রাত একটার দিকে অটোরিকশায় কালিকচ্ছ কলেজপাড়া এলাকার বাসভবনে যাওয়ার পথে তিন ব্যবসায়ী ডাকাতির শিকার হন। তাঁরা হলেন সাত্তার, নারায়ণ দাস ও প্রদীপ দাস। অস্ত্রের মুখে ডাকাতেরা তাঁদের কাছ থেকে ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন সেট লুট করে। এ সময় ডাকাতের পিটুনিতে নারায়ণ দাস আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, ‘একটি দল উচালিয়াপাড়া গ্রামের ওই বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা করেছিল। তবে পারেনি।’
এদিকে কুলাউড়ার পাঁচটি ইউনিয়নের লোকজন গত শনিবার ডাকাত-আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে। বরমচাল, ভাটেরা, ব্রাহ্মণবাজার, রাউৎগাঁও ও জয়চণ্ডী নামের এ ইউনিয়নগুলোতে ডাকাত ঢোকার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় মসজিদগুলো থেকে লোকজনকে সতর্ক করতে মাইকিংও করা হয়।
বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইছহাক চৌধুরী গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কাল (শনিবার) রাত আটটার দিকে কুলাউড়ায় ডাকাত ঢুকেছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে আমরা লোকজনকে সতর্ক থাকতে এলাকার মসজিদে মসজিদে মাইকিং করাই। কয়েকটি গ্রামে লোকজন রাত জেগে পাহারাও দেন।’
ভাটেরা ইউপি চেয়ারম্যান সিরাজ মিয়া বলেন, ‘এলাকাবাসী সারা রাত ডাকাতের ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বলেন, ‘কে বা কারা বিভিন্ন এলাকায় ডাকাত ঢোকার গুজব ছড়ায়। রাতে বিভিন্ন এলাকা থেকে ফোন পেয়ে আমরা তাঁদের আতঙ্কিত না হতে পরামর্শ দিই।’