সরাইলে পুলিশের ওপর হামলা পাঁচ আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শাহজাদাপুর গ্রামে আসামি পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
এ ঘটনায় পুলিশ ১৮টি গুলি করে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপপরিদর্শক শফিকুল ইসলাম ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ১৩০ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার সন্ধ্যায় মামলা দায়ের করেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, সরাইল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, এসআই মশিউর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শাহজাদাপুর গ্রামে একটি মামলার আসামি গ্রেপ্তার অভিযানে যায়। পুলিশ সেখানে আইয়ুব আলী খাঁ (৫০), সমর আলী খাঁ (৪৮), নায়েব আলী খাঁ (৩৫), গোলাপ খাঁ ও জাবেদ খাঁকে (১৯) আটক করেন। তাঁরা একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
শফিকুল ইসলামের ভাষ্য মতে আটক করা পাঁচজনকে থানায় নিয়ে আসার সময় আসামি পক্ষের ৩০ থেকে ৪০ জন লোক পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নেন। হামলাকারীদের মধ্যে ১৫-১৬ জন যুবক হেলমেট ও গুলি প্রতিরোধক জ্যাকেট পরা ছিল। হামলায় পুলিশের এসআই শফিকুল ইসলাম, এসআই মশিউর রহমান এবং এএসআই শাহজাহান মিয়া, সদস্য আলাউদ্দিন ও শহিদুল ইসলাম আহত হন। তাঁরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। হামলার সময় পুলিশ সদস্যরা লাঠিপেটা করে ও ১৮টি গুলি করে আত্মরক্ষার চেষ্টা চালান। একাধিক গ্রামবাসী জানান, পুলিশের গুলিতে সাহেব আলী (১৮), হেলাল মিয়া (১৯) ও আবু শাহ (৫০), জাদু মিয়া (৩৫) ও শাহজাহান মিয়া (৪৫) আহত হয়েছেন। তাঁরা হবিগঞ্জের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গ্রামবাসী জানায়, পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আহত সাদু মিয়াকে গ্রেপ্তার করেছে। থানা হাজতে আটক সাদু মিয়া সংবাদকর্মীদের বলেন ‘আমি ঘটনার কিছুই জানি না। গুলির শব্দ হুইন্না ঘর থেইকা বাইর অইছিলাম, পুলিশ ধইরা নিয়া আইছে।’ তবে এসআই শফিকুল ইসলাম বলেন, ‘সাদু মিয়ার নেতৃত্বেই আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন ওই গ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানার তিন শতাধিক আসামি রয়েছে। বৃহস্পতিবার রাতে কয়েকজনকে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে।