সরাইলে ফের 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে আবদুস সাত্তার (৩০) ওরফে কানা সাত্তাইরা নামের এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে সরাইল সদর ইউনিয়নে সরাইল-অরুয়াইল সড়কের গুনারা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ নিয়ে সরাইলে গত ছয় মাসে পুলিশের সঙ্গে পাঁচটি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটল। এসব ঘটনায় সাত্তারসহ নিহত হয়েছেন মোট চারজন।
নিহত সাত্তার সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের রিফিউজিপাড়া (লস্করপাড়া) গ্রামের আবদুল মান্নানের ছেলে। পুলিশের ভাষ্য, তিনি ডাকাত দলের সরদার ছিলেন। তবে সাত্তারের মা শাফিয়া খাতুন বলেন, পুলিশ গত রোববার বিকেলে বাড়ি থেকে সাত্তারকে আটক করে। গতকাল সকালে তাঁরা জানতে পারেন, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত্তার মারা গেছেন।
পুলিশ বলেছে, সোমবার সন্ধ্যায় সাত্তারকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে তাঁর সহযোগী সোহেল ডাকাতকে গ্রেপ্তারের জন্য অভিযানে বের হয়। রাত পৌনে একটার দিকে গুনারা এলাকায় পৌঁছালে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল সাত্তারকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও এ সময় পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাতদের গুলিতে ঘটনাস্থলেই সাত্তার নিহত হন।