সরাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন শাহজাদাপুর গ্রামের নূরু মিয়া, জুয়েল মিয়া, আলাউদ্দিন, বাবুল মিয়া, আকবর হোসেন, জাদু মিয়া, মাহবুবুল বারী, হামদু মিয়া, ফরিদ মিয়া ও কমল সরকার।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের জন্য গত শুক্রবার সন্ধ্যায় দেওড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে এক সভা বসে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। সভায় শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন মাহবুবুল বারী ও সোহেল রানা।
সভায় আলোচনা শেষে সবার সম্মতিতে জুরিবোর্ড গঠন করা হয়। পরে ওই বোর্ডের সিদ্ধান্তে মাহবুবুলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সোহেলের সমর্থকেরা মাহবুবুল ও তাঁর পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।