সরাইলে ভিজিএফের চালসহ ট্রাক জব্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় চার মেট্রিক টন চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা এ চাল জব্দ করেন। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণের জন্য চালগুলো আনা হয়েছিল।
পুলিশ, উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে বস্তা পরিবর্তন করে প্রায় চার মেট্রিক টন চাল চুন্টা ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রাকে তুলে দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে সরাইল উপজেলা সদরের বেপারীপাড়া সেতুর ওপর ট্রাকটি আটক করা হয়।
আটকের পর ট্রাকের চালক অহিদ মিয়া বলেন, ‘চুন্টা ইউনিয়ন পরিষদে যেখান থেকে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে সেখান থেকেই চালের বস্তাগুলো আনা হয়েছে।’ একপর্যায়ে কৌশলে পালিয়ে যান চালক ও তাঁর সহযোগী। ইউএনও বলেন, ধারণা করা হচ্ছে, এগুলো ভিজিএফের চাল। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চুন্টা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. শাহজাহান মিয়া বলেন, ‘আমার স্টক ঠিক আছে। এই চাল আমাদের নয়।’