সরাইলে মাদকসহ ভুয়া নির্বাহী হাকিম গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে মাদকসহ এক ভুয়া নির্বাহী হাকিম ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বুধবার রাতে উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রলপাম্প এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে গাড়ি, ইয়াবা বড়ি ও টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ভুয়া নির্বাহী হাকিম হচ্ছেন সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের মো. মিলন মিয়া (৪০)। তাঁর সহযোগীর নাম খোকন মিয়া (২৩)। তাঁর বাড়ি উপজেলার চুন্টা গ্রামে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের নায়েব সুবেদার আবদুল আলিম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় মামলা করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে আখাউড়া থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লেখা স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে মাদকদ্রব্য নিয়ে মিলন মিয়া ও তাঁর সহযোগী ঢাকা যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে শাহবাজপুর জিলানী পেট্রলপাম্প এলাকা থেকে র্যাব ১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন। পরে র্যাবের সদস্যরা গাড়ি তল্লাশি করে ১৫টি ইয়াবা বড়ি ও ২৫ হাজার টাকা জব্দ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের সদস্যরা মিলন মিয়া ও খোকন মিয়াকে সরাইল থানায় সোপর্দ করেছেন। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা হেফাজতে মিলন মিয়া ও খোকন দাবি করেন, তাঁদের গাড়িতে কারা স্টিকার লাগিয়েছে, তা তাঁরা জানেন না। মাদক ব্যবসার বিষয়ে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মিলন মিয়া একসময় মধ্যপ্রাচ্যে ছিলেন। সাত-আট বছর আগে দেশে ফিরে কালো গ্লাসের একাধিক মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে মাদক ব্যবসা শুরু করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহার ভাষ্যমতে, মিলন দীর্ঘদিন ধরে মাদক পাচার ও ব্যবসা করছেন। তাঁর বিরুদ্ধে সরাইল সদর ও আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।