সরাইলে মাদ্রাসাছাত্র অপহরণ, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বায়েজিদ মোস্তাকিম (১৩) নামে মাদ্রাসার এক ছাত্রকে অপহরণ করা হয়েছে। অপহরণের ছয় ঘণ্টা পর অপহরণকারীরা তার পরিবারের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। গত সোমবার বিকেলে উপজেলা সদর থেকে তাকে অপহরণ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করতে পারেনি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শনিবার আখাউড়া উপজেলার লালবাজার এলাকার একটি দোকান থেকে দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁরা হলেন পলক মিয়া ওরফে বাবু (২০) ও আবদুল ওরফে হৃদয় (২০)। সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম জানান, আটক হওয়া ওই দুজন ঘটনার সঙ্গে তাঁদের জড়িত থাকার কথা স্বীকার করে বলেছেন, শিশুটি তাঁদের জিম্মায় আছে। এর আগে এ ঘটনায় পুলিশ গত শুক্রবার শাহ আলম (২৫) নামের এক যুবককে আটক করে। শাহ আলম আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামে বিকাশের এজেন্ট। এখান থেকেই দুর্বৃত্তরা ২০ হাজার টাকা উত্তোলন করেছে।
অপহৃত বায়েজিদ মোস্তাকিম উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী রাকিব মিয়ার ছেলে। সে উপজেলা সদরের কুট্টাপাড়া মারকাজুত তাহফিজ ইসলামিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে সরাইল থানায় মামলা হয়েছে।
পুলিশ ও বায়েজিদের পরিবার সূত্র জানায়, এক বছর আগে বায়েজিদকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। সে মাদ্রাসার ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। গত বৃহস্পতিবার সে বাড়িতে আসে। সোমবার বিকেলে বায়েজিদ উপজেলা সদরের পার্শ্ববর্তী তেরকান্দা গ্রামে নানাবাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।
রাত নয়টার দিকে অপহরণকারীরা মুঠোফোনে বিষয়টি তার পরিবারকে অবহিত করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এক ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে ওই টাকা পরিশোধের নির্দেশ দেয় দুর্বৃত্তরা। তাদের কথামতো ২০ হাজার টাকা পরিশোধের এক ঘণ্টা পর মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। তখন অপহরণকারীরা জানায়, টাকা দিতে ব্যর্থ হলে শিশুটিকে হত্যা করা হবে। মঙ্গলবার রাতে শিশুর মা রোজিয়া বেগম বাদী হয়ে সরাইল থানায় একটি অপহরণ মামলা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, ‘শিশুটিকে উদ্ধারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সরাইলে অন্তত ১০টি অপহরণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে আংশিক (২০ হাজার টাকা) মুক্তিপণ দেওয়ার পরও খুন হয় জুনায়েদ নামে মাদ্রাসার এক ছাত্র। অন্যরা গোপনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।