সরাইলে যুবকের, মির্জাপুরে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়ায় (শ্রীডোবা) তাঁর লাশ দেখতে পান গ্রামবাসী। একই দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী টিঅ্যান্ডটি রোডের একটি বাসা থেকে রুবি বেগম (৫০) নামে এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সরাইলের কুট্টাপাড়া এলাকার বাসিন্দা আশিক মিয়া (৩০) ও আল আমিন (৩৫) প্রথম আলোকে বলেন, ভোরে তাঁরা ওই ব্যক্তির লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে অন্য কোথাও গলায় ফাঁস দিয়ে হত্যা করে গত রাতের কোনো এক সময় এখানে ফেলে দেওয়া হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর একই এলাকা থেকে অঞ্জন দেবনাথ (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আখাউড়া উপজেলার মনিয়ৈন্দ গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছিল। এখন পর্যন্ত ওই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
রুবি বেগমের বাড়ি নাগরপুর উপজেলার কেদারপুর গ্রামে। তিনি বাইমহাটী টিঅ্যান্ডটি রোডের হযরত আলীর বাসায় মেয়ে মনিরা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন। মির্জাপুর থানার ওসি আবদুর রশিদ বলেন, তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।