সরাইলে যুবলীগ কর্মীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক যুবলীগ কর্মীর হাতে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সরাইল থানা চত্বরের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার সাংবাদিকের নাম মোহাম্মদ মাসুদ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় ও জাতীয় দৈনিক খবর পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি। তাঁকে লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ জানাই।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, ঘটনাটি থানা চত্বরে ঘটলেও আমাদের দৃষ্টিগোচর হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।
সাংবাদিক মাসুদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ নভেম্বর উপজেলা সদরে আওয়ামী লীগের কর্মিসভায় পেশাগত দায়িত্ব পালনকালে মাসুদের সঙ্গে সদরের চাঁনমনিপাড়ার বাসিন্দা যুবলীগ কর্মী শুভ চৌধুরীর কথা-কাটাকাটি হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মাসুদ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের তথ্য সংগ্রহ করতে থানায় যান। ফেরার সময় থানা চত্বরের প্রধান ফটকে ৬ নভেম্বরের ঘটনার জের ধরে শুভসহ চার থেকে পাঁচজন তরুণ মাসুদের গতিরোধ করেন। তাঁরা ওই দিনের ঘটনার প্রসঙ্গ টেনে মাসুদকে টানাহেঁচড়া, ধাক্কাধাক্কি ও গালিগালাজ করেন। এ সময় তাঁরা মাসুদকে প্রাণনাশের হুমকিও দেন। তাঁরা উপজেলার যেকোনো সরকারি দপ্তর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনুষ্ঠানে অনুমতি ছাড়া প্রবেশ করলে সাংবাদিকদের পেটানোর ও গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুমকি দেন।
এ ব্যাপারে কথা বলার জন্য শুভ চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
শুভ চৌধুরীর প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুর রাশেদ ও সদস্য ফরহাদ রহমান বলেন, এ ধরনের দুষ্টু লোকদের সঙ্গে আমরা নেই। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমরা গণমাধ্যমকর্মীদের পাশে থাকব।
উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, শুভ উপজেলা যুবলীগের কোনো পদে নেই। তিনি একজন কর্মী। তিনি সংবাদকর্মীদের কাজে বাধা দেওয়ার কেউ নন। এ ঘটনায় মাসুদ গতকাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।