সরাইলে সংঘর্ষে পুলিশসহ আহত ৫০, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক গুলি ছুড়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের অলি আহাদের পক্ষের আবু সালেকের বাড়িতে ৮-১০ দিন আগে কাঠমিস্ত্রির কাজ করতে যান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শাহেদ আলীর পক্ষের আবদুল হাকিম। শনিবার রাত আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরের প্রথম ফটক এলাকায় টাকা লেনদেন নিয়ে আবদুল হাকিমকে গালমন্দ করেন আবু সালেক। একপর্যায়ে আবু সালেককে হাকিমের চাচা জজ মিয়া থাপড় মারেন।
এ ঘটনার জের ধরে রাত সাড়ে আটটার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে এসে ওসি মো. আলী আরশাদ, উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন, পুলিশ সদস্য আমির হোসেন, রবিউল আওয়াল, সানিফুল মিয়া, শহিদুল ইসলাম, কামরুল ইসলামসহ অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং ৫২টি গুলি ছোড়ে। এ সময় বাবুল মিয়া (২৫) ও জুয়েল আলী (৩০) গুলিবিদ্ধ হন। এই দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া সংঘর্ষে আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষ চলাকালে শাহেদ আলীর পক্ষের দুই ব্যক্তির দুটি দোকান ভাঙচুর ও লুটপাট করেন প্রতিপক্ষের লোকজন। এ ছাড়া সংঘর্ষের সময় মহাসড়কের উভয় পাশে কয়েক শ যান আটকা পড়ে। সেই সঙ্গে কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাহফুজ আলী, আবদুস সাত্তার ও দেলোয়ার হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মো. আলী আরশাদ জানান, সংঘর্ষের ঘটনায় এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে গতকাল রোববার মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।