তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে কালিকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মজিবুর রহমানের সঙ্গে নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পারভেজ মিয়ার বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল রাত আটটার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হন। পরে আজ সকাল সাড়ে সাতটার দিকে মাইকে ঘোষণা দিয়ে দুই ইউনিয়নের লোকজন লাঠিসোঁটা, দা, বল্লম ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের সঙ্গেও তাঁদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানিয়েছেন। নোয়াগাঁও গ্রামের বাসিন্দা জুলকার নাইমের ভাষ্য, সংঘর্ষে প্রায় দুই শতাধিক লোক আহত হয়েছেন।