সরাইলে সংঘর্ষের সময় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে দুই পক্ষের সংঘর্ষের সময় আহত শাহ আলম ভূঁইয়া (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের আবদুল আউয়াল ভূঁইয়ার ছেলে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে বাসের ভাড়া আদায় নিয়ে গতকাল সোমবার কুট্টাপাড়া গ্রামের লোকদের সঙ্গে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের লোকজন জানায়, সোমবার দুপুরে সংঘর্ষের সময় শাহ আলম ভূঁইয়া বিশ্বরোড মোড় থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিজ বাড়ির পাশের মসজিদে যাচ্ছিলেন। একপর্যায়ে পুলিশ সংঘর্ষকারীদের ধাওয়া করে কুট্টাপাড়া গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গ্রামের ভেতরে একাধিক টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।

শাহ আলম ভূঁইয়ার ছোট ভাই আইনজীবী তৈমুর রেজা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ছিলেন বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সোমবার দুপুরে পুলিশ টিয়ার সেল ছোড়ার পরপরই শাহ আলম ভূঁইয়ার শ্বাসকষ্ট হতে থাকে। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার ঢাকায় নেওয়ার পথে বেলা দুইটার দিকে তিনি মারা যান। আগে তাঁর ভাইয়ের কখনোই শ্বাসকষ্ট ছিল না বলে তিনি দাবি করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ‘কুট্টাপাড়া গ্রামের এক ব্যক্তির মৃত্যুর কথা আমরা শুনেছি। তবে কী কারণে তিনি মারা গেছেন তা আমরা জানি না। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবার জিম্মাতেই লাশ দাফনের প্রক্রিয়া চলছে।’