সরাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার..
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামী আহাম্মদ আলীকে (৩০) আজ বুধবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৬ দিন পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। স্বামী আহাম্মদ আলী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আহাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ মে নিলুফা আক্তারের (১৯) সঙ্গে একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আহাদ আলীর ছেলে আহাম্মদ আলীর বিয়ে হয়। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আহাম্মদ আলী নিলুফাকে নানাভাবে নির্যাতন করতেন। গত ২১ আগস্ট যৌতুকের টাকার জন্য স্বামী ও তাঁর পরিবারের লোকজন নিলুফাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁরা গা ঢাকা দেন।
হত্যাকাণ্ডের পরদিন ২২ আগস্ট নিলুফার বড় ভাই কাইয়ূম মিয়া বাদী হয়ে আহাম্মদ হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা করেন। ঘটনার ১৬ দিন পর পুলিশ আজ বুধবার ভোরে আহাম্মদ আলীকে শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আহাম্মদ আলীকে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।