সরাইলে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর ঈদগা মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার রাত ১০টা থেকে কাল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) আজ সকালে এ আদেশ জারি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজাপুর ঈদগা মাঠে প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে ইমামতি করে আসছেন ওই গ্রামের আবদুল মালেক। এক বছর আগে তাঁর ইমামতি নিয়ে গ্রামে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। গত বছরও ওই মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

ওসি রুপক কুমার সাহা প্রথম আলোকে জানান, এ বছরও ওই মাঠে ঈদের নামাজের ইমামতি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য লোকজনকে নিয়ে একাধিকবার বৈঠক করেও সমাধান করতে পারিনি। পরে লিখিতভাবে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মইনুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সংঘাত এড়াতে ওই মাঠে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।