সরাইলে ১৪৪ ধারা ভঙ্গ করে আ.লীগের সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ হয়েছে।
পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ৮৩ লাখ টাকা ব্যয়ে চুন্টা ইউপি কমপ্লেক্সের নতুন দ্বিতল ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে গত জুন মাসে। জাতীয় পার্টির (জাপা) উদ্যোগে এক সপ্তাহ আগে কমপ্লেক্সটি উদ্বোধনের দিন নির্ধারণ করা হয় ২২ জুলাই শুক্রবার বেলা তিনটা। এ উপলক্ষে ইউপি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ মো. জিয়াউল হক মৃধাকে প্রধান অতিথি করা হয়। তবে সাংসদকে প্রধান অতিথি মানতে রাজি হয়নি ইউনিয়ন আওয়ামী লীগ। একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়। এতে প্রধান অতিথি করা হয় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. নাজমুল হোসেনকে। এ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে সাংসদ জিয়াউল হক কর্মসূচি স্থগিত করেন।
গতকাল সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা চুন্টা ইউপি ভবন এলাকায় ১৪৪ ধারা জারি করেন। বেলা দুইটার দিকে নাজমুল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী ইউএনওর কার্যালয়ে জরুরি সভায় বসেন। আড়াইটার দিকে আওয়ামী লীগের নেতারা উত্তেজিত হয়ে সমাবেশ করার ঘোষণা দিয়ে ওই কার্যালয় থেকে বের হয়ে যান। বিকেল সাড়ে টারটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলাইমান কবীরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া এবং চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুন্টা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান মিয়া। পরে নাজমুল হোসেনের নেতৃত্বে চুন্টা বাজার এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়।
ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, পুলিশের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য শুক্রবার বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। তাঁর জানামতে সেখানে কোনো সমাবেশ হয়নি।