সরাইলে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রতন মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, রতন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে সরাইল থানার ওসি মো. আলী আরশাদের নেতৃত্বে পুলিশের একটি দল সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসে করে টহল দিচ্ছিলেন। ভোর সাড়ে চারটার দিকে সরাইল সদরের বড্ডাপাড়া খাদ্যগুদামের কাছে ১৫ থেকে ২০ জনের ডাকাত দল মহাসড়কের পাশে রাখা ইট, গাছের গুঁড়ি ও পাকা খুঁটি দিয়ে টহল পুলিশের গাড়ির গতিরোধ করে। ডাকাতেরা প্রথমে দা দিয়ে মাইক্রোবাসে হামলা চালায়। এতে মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। গাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশ ৪০টি আর ডাকাত দল ২৫ থেকে ৩০টি গুলি ছোড়ে। এতে ডাকাত দলের সদস্য রতন মিয়া ও চার পুলিশ সদস্য আহত হন। রতন মিয়াকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রতন সরাইলের চুন্টা উত্তর পাড়া গ্রামের গোলাম মিয়ার ছেলে। গতকাল সন্ধ্যা পর্যন্ত রতনের লাশ নিতে পরিবারের কেউ জেলা সদর হাসপাতালের মর্গে যোগাযোগ করেনি।
বড্ডাপাড়া গ্রামের ইউপি সদস্য জয়নাল মিয়া (৫০) প্রথম আলোকে বলেন, ‘ভোরে গোলাগুলির শব্দ শুনে কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। তখন সেখানে রক্তাক্ত এক ব্যক্তিকে দেখেছি। তিনি জীবিত না মৃত, বোঝা যাচ্ছিল না।’
এসআই আবদুল আলীম বলেন, ‘বন্দুকযুদ্ধের’ পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচটি গুলি, তিনটি বল্লম, চারটি রামদা উদ্ধার করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ প্রথম আলোকে বলেন, রতন মিয়া ডাকাত দলের সদস্যদের গুলিতেই গুরুতর আহত হয়ে মারা যান। তাঁর বিরুদ্ধে সরাইল থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।
গতকালের ঘটনায় সরাইল থানায় তিনটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, ঘটনার সময় তিনিসহ এসআই আবদুল আলীম ও শফিকুল ইসলাম এবং কনস্টেবল মেহেদি হাসান ও মঞ্জুরুল ইসলাম আহত হন। তাঁদের মধ্যে শফিকুল, মেহেদি ও মঞ্জুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর দিবাগত রাতে একই মহাসড়কে সরাইলের এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রশিদ (২৪) নামের কথিত এক ডাকাত নিহত হন।