সরাইলে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গ্রেপ্তার হওয়ার ২৬ ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক মিয়া (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সরাইলে গত ১০ মাসে ‘বন্দুকযুদ্ধে’ এ নিয়ে পাঁচজন নিহত হলো।
পুলিশ জানিয়েছে, মানিক মিয়া আন্তজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। তবে পরিবারের সদস্যরা বলছেন, তিনি ডাকাত ছিলেন না। শহরে অটোরিকশা চালাতেন।
সরাইল থানার এসআই আবদুল আলীম জানান, পাকশিমূল ইউনিয়নের লম্বাহাটি গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় বুধবার রাতে মানিকসহ সাত ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশ।
এসআই আলীমের ভাষ্যমতে, মানিককে সঙ্গে নিয়ে সরাইল থানা-পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পাকশিমূলের কয়েকটি গ্রামে অভিযানে যাচ্ছিল। ব্রাহ্মণগাঁও এলাকায় একদল ডাকাত মানিককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও গুলি ছোড়ে। ডাকাত দলের সদস্যদের গুলিতে মানিক গুরুতর আহত হন। উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানিক মিয়া নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামের মীর হোসেন ওরফে পল্টু মিয়ার ছেলে। তাঁর চাচাতো বোন তাহমিনা আক্তার জানান, মানিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরে অটোরিকশা চালাতেন।