সরাইলে 'বন্দুকযুদ্ধে' নিহত ১, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে থানার এসআইসহ চার পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার কালিকচ্চ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুস সাত্তার (৩০)। তিনি কালিকচ্চ এলাকার আবদুল হান্নানের ছেলে। 

পুলিশের ভাষ্যমতে, আবদুস সাত্তার দুর্ধর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে ছয়টি ডাকাতির মামলা রয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে কালিকচ্চ বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করে। সাত্তারের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর সঙ্গী অপর ডাকাতদের আটক করার জন্য সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে তাঁকে নিয়েই অভিযান চালায়। রাত সাড়ে ১২টার দিকে পৌর আইল সড়কে গুলারা এলাকায় যাওয়ার পথে ১৫​ থেকে ২০ জনের একটি দল সাত্তারকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশ গুলি ছোড়ে। পাল্টা গুলি ছোড়ে সাত্তারের সঙ্গীরাও। সঙ্গীদের ছোড়া গুলিতে নিহত হন গ্রেপ্তারকৃত সাত্তার। ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন এসআই রাকিব হাসান, কনস্টেবল আবদুল মালেক, শরিফুল ইসলাম ও আবদুল করিম। পুলিশ সাত্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি গুলি, একটি রামদা, একটি কিরিচ, দুটি বল্লম ও কালো মুখোশ উদ্ধার করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেছেন, নিহত আবদুস সাত্তারের বিরুদ্ধে ছয়টি ডাকাতির মামলা রয়েছে। ওই ঘটনায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।