সরাইলের আরএমওকে খাগড়াছড়ি বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাঁদার’ টাকায় আনন্দভ্রমণে যাওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. নোমান মিয়াকে খাগড়াছড়ির রামঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর দিবাগত রাতে আরএমও নোমান মিয়ার নেতৃত্বে ১৭ চিকিৎসক এবং তাঁদের পরিবারের সদস্যসহ অন্তত ৪০ জন কক্সবাজার ও সেন্ট মার্টিনে তিন দিনের আনন্দভ্রমণে যান। আরএমও ওই আনন্দভ্রমণের জন্য অন্তত ১০টি ওষুধশিল্প প্রতিষ্ঠানের স্থানীয় বিক্রয় প্রতিনিধিদের (এসআর) কাছ থেকে তিন লাখের বেশি টাকার চাঁদা আদায় করেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) হাসিনা আখতার বেগম ওই ১৭ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেন।
এ নিয়ে গত ২৪ অক্টোবর ‘চাঁদার টাকায় ১৭ চিকিৎসকের আনন্দভ্রমণ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে চিকিৎিসকদের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ তদন্তে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হুসাইনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গত বুধবার দিনভর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত করে। এরপর বুধবার সন্ধ্যায় নোমান মিয়াকে বদলির আদেশ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জানতে চাইলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসিনা আখতার বেগম প্রথম আলোকে বলেন, আরএমও নোমান মিয়ার দু-এক দিনের দিনের মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে।
মুঠোফোনে জানতে চাইলে ইকবাল হুসাইন বলেন, ‘অভিযোগের বিষয়ে আমরা তদন্ত করেছি। আগামী সপ্তাহে সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।’