সরাইলের পুটিয়া নদীতে বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরাইলের পুটিয়া নদীতে মাছ নিধনের জন্য নদীর দুই দিকে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। গত সোমবার পুটিয়া সেতুর পশ্চিম পাশ থেকে তোলা ছবি l প্রথম আলো
সরাইলের পুটিয়া নদীতে মাছ নিধনের জন্য নদীর দুই দিকে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। গত সোমবার পুটিয়া সেতুর পশ্চিম পাশ থেকে তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কুইট্টা হাওর এলাকায় তিতাসের শাখা পুটিয়া নদীতে বেড়া দিয়ে মাছ নিধন করছেন স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি। এতে হাওর এলাকার উন্মুক্ত জলাশয়ে দেিশ জাতের মাছের বংশবৃদ্ধি হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে গত সোমবার দেখা যায়, নদীর পুটিয়া সেতুর পূর্ব ও পশ্চিম পাশে মাটির বাঁধ দিয়ে সেচযন্ত্র বসিয়ে বিশাল এলাকার (এক শ থেকে দেড় শ একর জায়গা) পানি সেচা চলছে। গত ১৮ জানুয়ারি থেকে ছয়টি সেচযন্ত্র বসিয়ে চলছে পানি সেচার কাজ। এভাবে ১৫ দিন ধরে মাছ নিধন চলছে।
স্থানীয় মৎস্যজীবী ও কৃষকেরা জানান, নোয়াগও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নূর আহমদ জজ মিয়া ও কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের দুর্গাচরণ দাস প্রতিবছরই এভাবে পুটিয়া নদীতে বেড়া দিয়ে মাছ নিধন করেন।
স্থানীয় মৎসজীবী সুকুমার দাস (৪০) বলেন, ‘নদীতে বান দিয়া দেশীয় মাছের বংশ ধ্বংস করা হইতাছে।’
কৃষক জজ মিয়া (৫০) বলেন, ‘প্রতিবছরই মাছ শিকারের জন্য এভাবে বাঁধ দেওয়ায় নদী টান (ভরাট) হয়ে গেছে। এখন নদীতেও পানি নেই। বাধ্য হয়ে কৃষকেরা নিজ নিজ জমির পাশে পাম্প বসিয়ে নিচ্ছে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম হুমায়ুন কবির বলেন, ‘এভাবে নদ-নদীতে বাঁধ দিয়ে মাছ নিধন করায় মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। এ ধরনের তৎপরতা বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’
উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো আনোয়ার হোসেন বলেন, ‘পুটিয়া সেতুর দুই পাশে দুই ব্যক্তি মিলে বেড়া দিয়ে নদীর শতাধিক একর জায়গাজুড়ে পানি সেচছেন। তাঁদের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
নূর আহমদ জজ মিয়া ও দুর্গাচরণ দাস মুঠোফোনে দাবি করেন, সরকারি নিয়মনীতি মেনেই তাঁরা মাছ ধরছেন। বাঁধের আশপাশের জায়গা তাঁদের ইজারা নেওয়া বলে দাবি করেন ওই দুজন।
উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, ‘এভাবে বাঁধ দিয়ে নদী শুকিয়ে ফেললে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, সরকারি নদী বা জলাশয়ে বাঁধ দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘জলমহাল নীতিমালা অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে সেচ দিয়ে মাছ নিধন নিষিদ্ধ। যাঁরা এ কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’