সরিষাবাড়ীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ উদ্দিনকে (৫০) গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হন। সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী, দলীয় ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, হানিফ উদ্দিন দুপুরে নিজ বাড়ি হাটবাড়ী থেকে বের হন। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় কুটিরহাট এলাকায় জাহাঙ্গীরের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে হানিফ উদ্দিনের মাথায় গুলি করে। হানিফ উদ্দিন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় হাটবাড়ী গ্রামের মোজাফফর হোসেন, জামাল মণ্ডল, আবদুল হক ও হেলাল উদ্দিন গুলিবিদ্ধ হন। মোজাফফর হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হানিফের বড় ছেলে রুবেল মিয়া দাবি করেন, ‘আমার বাবাকে জেএমবিরা গুলি করে হত্যা করেছে।’ একই কথা বলেন ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন জানান, গুলিবিদ্ধ মোজাফফর হোসেনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। অপর তিনজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।